Image description

প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন আক্তার হক ডেলের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি, তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। তবে ঘটনার পর থেকে অন্তত অর্ধশতাধিক সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছে তদন্তসংশ্লিষ্টরা। তাতে দুর্বৃত্তদের মোটরসাইকেলের নম্বর প্লেট অস্পষ্ট দেখা গেছে।

গত রবিবার সকালে রাজধানীর উত্তরায় একটি ব্যাংকে টাকাগুলো জমা দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল। পথে র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে রাস্তায় গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওইদিনই বিমানবন্দর থানায় মামলা করা হয়। ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রল পাম্পের।

তাসীন আক্তার হক ডেল প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে যুক্ত। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ডিএল পেট্রল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দিতে নিয়ে যাওয়া হত। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা পরবর্তী কর্মদিবস রবিবার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হতো। ফলে রবিবার পাম্প থেকে তুলনামূলক বেশি টাকা ব্যাংকে নেওয়া হয়।

সে অনুযায়ী পাম্পের টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন কর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। তারা প্রথমে গাড়িতে ধাক্কা দেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পেট্রল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান আজ সোমবার বলছিলেন, ‘এখন পর্যন্ত ছিনতাইয়ের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এখন পর্যন্ত ওই এলাকার অন্তত ৫০টি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। তবে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আশা করছি, দ্রুতই দুর্বৃত্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।