দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ হারাবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দেশে শান্তি-শৃঙ্খলা নষ্টকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামে গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, কর্মসংস্থান ও শিল্প কারখানা বাড়াতে বিনিয়োগের পূর্বশর্তই হলো দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।
শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজ নির্মাণ, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ নিশ্চিত করতেও আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকা প্রয়োজন। বিভ্রান্তি সৃষ্টিকারীরা সুযোগ পেলে দিনশেষে সাধারণ জনগণই ক্ষতিগ্রস্ত হবে।’
বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে প্রধানমন্ত্রী জানান, বিগত স্বৈরাচার আমলে এ খাত গুটিকয়েক ব্যক্তির স্বার্থে পরিচালিত হয়েছিল। সেই অপরিকল্পিত ব্যবস্থা পুনর্গঠনে সরকার আগামী ১০ বছরের জন্য নতুন জ্বালানি ও বিদ্যুৎ পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করবে, যার মাধ্যমে কারখানা ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘বিএনপির জ্বালানি পরিকল্পনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা না করে রাজনৈতিক দলগুলোর গঠনমূলক বিকল্প পরিকল্পনা থাকলে তা উপস্থাপন করা উচিত। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও অর্থনৈতিক অগ্রযাত্রাই এখন প্রধান লক্ষ্য।’