২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে প্রথম ‘শহীদ’ আবু সাঈদের স্মৃতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হয়নি বলে অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ শনিবার সকালে রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরে পরিদর্শন শেষে এই অভিযোগ তোলেন নাহিদ।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই কাজ প্রায় শেষ হয়েছিল। এই সরকার এসে পাঁচ মাস পরে উদ্বোধন করেছে। নির্বাচনের পরে জাদুঘরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, বিশেষ করে আবু সাঈদের স্মৃতি নেই। আমরা এ ব্যাপারে এরই মধ্যে জানিয়েছি।
‘সীমান্ত হত্যাসহ ফেলানীর কিছু স্মৃতি ছিল, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এটা ভয় থেকে সরিয়ে ফেলা হয়েছে কি না, জানা নেই। সরিয়ে দিয়ে তারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বোঝাচ্ছে। কিন্তু এখানে আপসের কিছু নেই’, যোগ করেন নাহিদ।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেছেন, আপস করে স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকিয়ে রাখা যাবে না। জাদুঘরে বিএনপির নির্যাতনের কিছু জিনিস বৃদ্ধি করা হয়েছে।
‘জুলাই অভ্যুত্থানের সেগমেন্টগুলো আরও জোরালো করা উচিত। প্রাইভেট, মাদ্রাসার ভূমিকাসহ ঢাকার বাইরের আন্দোলন এখানে আসেনি। পরিচিত মুখগুলো বারবার তুলে আনা হয়েছে’, পরামর্শ দেন নাহিদ ইসলাম।
জাদুঘরকে সর্বজনীন করার পক্ষে মত নাহিদ ইসলামের। তিনি বলেছেন, জাদুঘরকে কোনো দলের ইতিহাস হিসেবে নয়, জাতীয় ইতিহাস হিসেবে সংরক্ষণ করতে হবে। অতীতেও মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তনের চেষ্টা হয়েছে। এখানেও যেন তেমন কিছু না ঘটে।