Image description
ভোলার মনপুরা উপজেলায় বন্ধুর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ছুরির মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
অভিযুক্ত মো. তানজিল (২৬) উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের একজন নেতা বলে জানিয়েছে পুলিশ।
 
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চরগোয়ালিয়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীর স্বামী বাজারে থাকার সুযোগে তার ঘনিষ্ঠ বন্ধু তানজিল কৌশলে ঘরে প্রবেশ করেন। পরে গৃহবধূর গলায় ছুরি ধরে চিৎকার করলে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর তিনি পালিয়ে যান।
 
এজাহার অনুযায়ী, রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগীর স্বামী বাড়ি ফিরে ঘটনার কথা জানতে পারেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশকে খবর দিলে অভিযান চালিয়ে অভিযুক্ত তানজিলকে আটক করা হয়।
 
শুক্রবার দুপুরে ভুক্তভোগী মনপুরা থানায় তানজিলসহ অজ্ঞাত আরও একজনকে আসামি করে মামলা করেন।
 
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ‘ধর্ষণ মামলায় গ্রেপ্তার অভিযুক্তকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’
 
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘সে আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। বন্ধুত্বের বিশ্বাস ভেঙে সে এমন জঘন্য কাজ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
 
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।