Image description

রাজধানীর মৌচাক এলাকার আনারকলি মার্কেট গলিতে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা ও শাহবাগ এলাকার সাবেক কাউন্সিলর (কমিশনার) খাজা হাবিবুল্লাহ হাবিবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

শফিকুল ইসলাম বলেছেন, খাজা হাবিবুল্লাহ হাবিব এজাহারভুক্ত আসামি নন। তবে তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

 

তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছে ডিবি।

এর আগে গত ৮ জুন রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে একটি সালিস বৈঠকের মধ্যে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পরদিন নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন রমনা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় যুবদলের ২১ নেতাকর্মীকে আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত নয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হিসেবে অভিযুক্ত রমনা থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু এখনো গ্রেপ্তার হননি। তিনি আগাম জামিনে রয়েছেন।

 

 

 

ঘটনার পর রমনা থানা পুলিশ জানিয়েছিল, আনারকলি মার্কেটের সামনের ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।