Image description

শিক্ষার নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভা শেষ হয়েছে। সভার এজেন্ডায় শিক্ষকদের বদলির বিষয়টি থাকলেও প্রস্তুতির ঘাটতি থাকায় এ বিষয়ে আলোচনা করা হয়নি বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানা গেছে, প্রথম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি, অবসর সুবিধা বোর্ড, কল্যাণ ট্রাস্টের অর্থ ছাড়সহ নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের ভর্তি ও অন্যান্য বিষয় নিয়ে সিদ্ধান্ত হলেও শিক্ষকদের বদলি নিয়ে কোনো আলোচনাই হয়নি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রস্তুতির ঘাটতি থাকায় শিক্ষকদের বদলির বিষয়টি সভায় উত্থাপন করা হয়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। পুরো কার্যক্রম শেষ হওয়ার পর বদলির বিষয়টি প্রধামন্ত্রীর কাছে তুলে ধরবেন মন্ত্রী।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সভা করতে তার কার্যালয়ে যান শিক্ষামন্ত্রী ড. মিলন। এ সময় তার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত প্রধামন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকও ছিলেন।