Image description

হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছেন মিঠু চন্দ্র বিশ্বশর্মা নামের এক যুবক। ইসলাম গ্রহণের পর তিনি তার নাম রেখেছেন মো. আব্দল্লাহ। মুসলমানদের আচার-ব্যবহার, ধর্মীয় রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।

 

ইসলাম ধর্ম গ্রহণকারী এই যুবকের বাড়ি নেত্রকোনার মদন পৌর সদরের ইমদাদপুর গ্রামে। তিনি শ্রী চন্দন চন্দ্র বিশ্বশর্মা ও অলকা রাণী বিশ্বশর্মার ছেলে। মিঠু ওরফে আব্দুল্লাহ পেশায় একজন কাঠমিস্ত্রি।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে মিঠুর দোকানের মালিক স্থানীয় সাংবাদিক শেখ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার (০৩ আগস্ট) বিকালে নেত্রকোনায় জজ কোর্টের একজন আইনজীবীর এফিডেভিডের মাধ্যমে নাম পরিবর্তন ও স্থানীয় ইমামের কাছে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। ইসলাম ধর্মে গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিজেই ঘোষণা দেন মিঠু। নাম পরিবর্তন করে রাখেন মো. আব্দুল্লাহ। 

সদ্য মুসলিম হওয়া আব্দল্লাহর এফিডেভিড সূত্রে জানা যায়, তিনি নিজের ইচ্ছায় হিন্দু থেকে মুসলিম হয়েছেন। ইসলাম ধর্মের বন্ধু-বান্ধবদের বিভিন্ন ধর্মীয় আচরণ (নামাজ, রোজা) দেখে অনুপ্রাণিত হয়েছেন। ধীরে ধীরে ইসলাম ধর্মের ওপর আকৃষ্ট হয়ে তার ভেতরে পরিবর্তন ঘটে। এরপর নেত্রকোনা জজ কোর্টের মাধ্যমে এফিডেভিড করে একজন আলেমের মাধ্যমে পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করেন। 

মিঠু বলেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যাতে ইসলামের দাওয়াত সবার ঘরে ঘরে পৌঁছে দিতে পারি।

মিঠুর বাবা শ্রী চন্দন চন্দ্র বিশ্বশর্মা বলেন, আমার ছেলে হিন্দু ধর্ম থেকে ইসলামে প্রবেশ করেছে তার নিজ ইচ্ছায়। আমরা আমাদের ধর্মে আছি, তার জন্য আশীর্বাদ রইল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম জানান, মিঠু প্রাপ্তবয়স্ক। তিনি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সরকারি সুযোগ-সুবিধা থাকলে নিয়মানুযায়ী তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।