জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের পর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা দেখা দিয়েছে। চিকিৎসা নিতে আসা ছাত্রশিবিরের নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে অবস্থান করছেন। এ সময় হাসপাতালের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দ্বিতীয় ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদল, জকসু ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষে আহত কয়েকজনকে চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসপাতালের বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন। এ সময় ভেতরে থাকা ছাত্রশিবিরের নেতাকর্মীরা কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের ঘটনার পর জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করেন, আমন্ত্রণ থাকা সত্ত্বেও জকসুর প্রতিনিধিদের অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা ধাক্কাধাক্কি করেছেন এবং প্রক্টর প্রশাসনও এ ঘটনায় পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করেছে।
জকসুর ভিপি রিয়াজুল ইসলামও অভিযোগ করেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং জকসুর প্রতিনিধিদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।