Image description

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে এবং স্বৈরাচার, সহিংসতা ও গণতন্ত্রবিরোধী রাজনীতির প্রতিবাদে প্রতীকী কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘স্বৈরাচারের স্থান ডাস্টবিনে’ শিরোনামে আয়োজিত কর্মসূচিতে জকসুর নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

বিজ্ঞাপন

কর্মসূচিতে স্বৈরাচার, গুম, খুন, দুর্নীতি, চাঁদাবাজি, স্টান্টবাজি, সহিংসতা ও শিক্ষাঙ্গণে দলীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়। কর্মসূচির উদ্যোগ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মো. নুর নবী।

জকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মো. নূর নবী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে এ কর্মসূচি। স্বৈরাচার, দুর্নীতি, চাঁদাবাজি, স্টান্টবাজি, সহিংসতা ও শিক্ষাঙ্গণের দলীয় রাজনীতির কোনো স্থান নেই।’

তিনি বলেন, ‘গণতন্ত্র, জবাবদিহি ও আইনের শাসনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানাতেই এ উদ্যোগ। জকসু গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।’

জকসু জানায়, কর্মসূচির উদ্দেশ্য ছিল স্বৈরাচার, দমন-পীড়ন, গুম, খুন এবং গণতন্ত্রবিরোধী রাজনীতির প্রতি প্রতীকীভাবে ঘৃণা ও প্রত্যাখ্যানের বার্তা তুলে ধরা। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, নির্বাহী সদস্য ফাতেমা আক্তার, আব্দুল্লাহ আল ফারুক, মেহেদী হাসান এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।