বান্দরবানের থানচি উপজেলায় প্রশাসনের নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ এলাকায় পর্যটক নিয়ে যাওয়ায় ট্যুরিস্ট ইভেন্ট গ্রুপ ‘ট্রেইল অব হেভেন’-এর সব ধরনের ভ্রমণ ও পর্যটন-সংক্রান্ত কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩ আগস্ট) থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তমাতুঙ্গী-পরবর্তী দুর্গম সীমান্ত সড়কে প্রশাসনের পূর্বনির্ধারিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ‘ট্রেইল অব হেভেন’ নামের ট্যুরিস্ট গ্রুপটি ১০ থেকে ১২ জন পর্যটককে নিয়ে বাকলাই এলাকার অভিমুখে রওনা হয়। পথিমধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিষয়টি শনাক্ত করে পর্যটক দলটিকে আটক ও জিজ্ঞাসাবাদ করেন।

উপজেলা প্রশাসন জানায়, দুর্গম পার্বত্য সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা ও পর্যটকদের সুরক্ষার স্বার্থে নির্দিষ্ট কিছু রুট ও এলাকাগুলোতে সাধারণ চলাচলের ওপর প্রশাসনিক বিধিনিষেধ বলবৎ রয়েছে। তবে নির্দেশ অমান্য করে ঝুঁকি নিয়ে পর্যটকদের নিষিদ্ধ অঞ্চলে নিয়ে যাওয়ার ঘটনাটি গুরুতর প্রশাসনিক অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, থানচি উপজেলায় আগত পর্যটকদের নিরাপত্তা সুসংহত রাখতে এবং সরকারি আদেশ অমান্য করার দায়ে ‘ট্রেইল অব হেভেন’-এর যাবতীয় ট্যুর-সংক্রান্ত কার্যক্রম থানচি সীমান্ত ও প্রশাসনিক সীমানায় সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, পর্যটকদের নিরাপত্তা রক্ষায় থানচিতে অনুমোদিত পথ ও সরকারের নিয়মাবলি কঠোরভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে কোনো ব্যক্তি, ট্রাভেল এজেন্সি বা ইভেন্ট অর্গানাইজার প্রশাসনিক নির্দেশনা লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।