খুলনার পাইকগাছা উপজেলার মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিস কক্ষের একাধিক তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ল্যাপটপ, সিসি ক্যামেরা, মনিটর, ওয়াই-ফাই রাউটার, টেবিল ফ্যান ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা খাতুন জানান, গত ১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের দপ্তরি-কাম-নৈশপ্রহরী মফিজুল ইসলাম অসুস্থতার কারণে বাড়ি চলে যান। পরদিন ২ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে তিনি বিদ্যালয়ে এসে প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান।
পরে অফিস কক্ষে প্রবেশ করে দেখা যায়, আলমারির তালা ভেঙে একটি লেনোভো ল্যাপটপ, সিসি ক্যামেরা ও মনিটর, একটি ওয়াই-ফাই রাউটার, একটি টেবিল ফ্যান, আলমারিতে রক্ষিত প্রায় ৫ হাজার টাকা এবং ‘মিড-ডে মিল’ কর্মসূচির জন্য সংরক্ষিত দুই কার্টন দুধ চুরি করা হয়েছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে অফিসের একাধিক তালা ভাঙচুর ও গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে রেখে যায়।
খবর পেয়ে শিক্ষকেরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। চুরির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জড়িতদের দ্রুত শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।