Image description

সম্প্রতি ইতালির রোমে হামলার শিকার হয়েছিলেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন। সম্প্রতি রাতের আঁধারে তার ওপর চালানো শারীরিক নির্যাতনের একটি ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই হামলার ঘটনায় ইতালিয়ান ইন্টিলিজেন্স তদন্তে নেমেছে বলে জানালেন বনি আমিন। আজ রবিবার এক ফেসবুক পোস্টে বনি আমিন বলছেন, ইতালিয়ান ইন্টিলিজেন্স কাজে নেমেছে। আমার ওপরে হামলা বিষয়ে ইতালির আওয়ামী লীগ নেতার স্বীকারোক্তি দিয়েছেন।

 

এই কন্টেন্ট ক্রিয়েটর আবার ইতালি যাবেন উল্লেখ করে বলছেন, ইতালির সেই আওয়ামী লীগ নেতা যার নেতৃত্বে আমার ওপর রাতের আঁধারে ৪ জন ব্যক্তি হামলা করেছিল তাদের বিষয়ে তদন্ত অস্ট্রেলিয়াতে থেকে চলছে। একটি ক্রাইমের 'প্রিমা ফেসি' হিসেবে আক্রমণকারীর স্বীকারোক্তি মামলাটিকে ত্বরান্বিত করতে যথেষ্ট। আওয়ামী লীগ নেতার পাসপোর্ট এবং বাকি তিনজনের স্টে পারমিট এবং রিফুজি এপ্লিকেশন বিষয়ে ধীরে ধীরে ওরা ব্যবস্থা নেবে।

অভিযুক্তদের ভিডিও আহবান করে বনি আমিন বলছেন, প্লিজ সেই ভিডিওগুলোর লিংক পাঠান যেখানে এই বীরেরা আমার উপর আক্রমণের স্বীকারোক্তি দিয়েছে। আমি পুনরায় ইটালিতে আসছি ১৪ই মার্চ ২০২৭ ইনশাআল্লাহ।

এর আগে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের বেলা এক ব্যক্তি রাস্তায় বনি আমীনকে শক্ত করে জাপটে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। বনি নিজেকে ছাড়িয়ে সেখান থেকে সড়ক ধরে জীবন বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে কয়েকজন ব্যক্তি তার পিছু নিয়ে ধাওয়া করেন। একপর্যায়ে সড়কে পার্ক করে রাখা একটি গাড়ির সামনে তাকে ফেলে কয়েকজন মিলে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।