ফ্রান্সের প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের অভিষেক ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। টিকিট বিক্রি শুরুর এক দিনের মধ্যেই শেষ হয়ে গেছে তার প্রথম ম্যাচের সব টিকিট।
আগামী ২ অক্টোবর উয়েফা নেশনস লিগে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। প্রায় ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার স্তাদ দ্য ফ্রান্সে অনুষ্ঠিত হবে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তির লড়াই।
ম্যাচটির টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই ব্যাপক চাহিদা দেখা দেয়। ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই কোনো টিকিট অবশিষ্ট নেই বলে জানিয়েছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ। জিদানের অধীনে নতুন যাত্রা সরাসরি দেখতে সমর্থকদের আগ্রহই এই দ্রুত বিক্রির প্রধান কারণ।
দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালনের পর ফ্রান্সের প্রধান কোচের পদ ছেড়েছেন দিদিয়ের দেশম। তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিদান। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছার কথা আগেও একাধিকবার জানিয়েছিলেন সাবেক এই মিডফিল্ডার।
ক্লাব কোচিংয়ে রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতার কীর্তি রয়েছে জিদানের। ২০২১ সালে স্প্যানিশ ক্লাবটি ছাড়ার পর আর কোনো দলের দায়িত্ব নেননি তিনি।
পাঁচ বছরের বিরতি শেষে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়েই আবার ডাগআউটে ফিরবেন জিদান।