Image description

নারী কেলেঙ্কারির অভিযোগে প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কারসংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রেস বিজ্ঞপ্তিকে ভুয়া ও বানোয়াট দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, তার ছবি ও নাম ব্যবহার করে স্বাক্ষর জাল করে ওই প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে এবং এর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

রবিবার (২ আগস্ট) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার ছবি ও নাম ব্যবহার করে গতকাল ০১ আগষ্ট ২০২৬ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত লেখা পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত উক্ত বক্তব্যের সঙ্গে আমার কোন ধরণের সংশ্লিষ্টতা নেই। এ ধরণের ভূয়া বক্তব্যের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।’
 
বিজ্ঞপিতে আরও বলা হয়,  ‘উল্লেখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট  ও ভুয়া। গতকাল (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’