Image description

বগুড়ায় বিয়ের অনুষ্ঠানের গেটে বরের কাছে বকশিশ চাওয়া নিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় স্বর্ণের চেইন ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছে বরপক্ষ। তবে অভিযোগ অস্বীকার করেছে কনেপক্ষ।

 

শনিবার (১ আগস্ট) দুপুরে এ ঘটনায় বরপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি ইব্রাহীম আলী। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাগর মিয়ার সঙ্গে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামের সাথী আক্তারের বিয়ে ঠিক হয়। শুক্রবার সন্ধ্যার দিকে বরযাত্রী পৌঁছানোর পর কনেরপক্ষের লোকজন গেট ধরে। এ সময় বকশিশের টাকা নিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে উভয়পক্ষের তিনজন আহত হন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় বরপক্ষের লোকজন অভিযোগ করেন, মারামারির সময় তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে। তাদের কাছ থেকে স্বর্ণের চেইন ও ১৫টি মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। 

কনেপক্ষের দাবি, বরপক্ষই প্রথমে উত্তেজনা সৃষ্টি করে হামলা ও ভাঙচুর চালায়। তারা ছিনতাইয়ের অভিযোগও অস্বীকার করেছে। 

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, বিয়ে বাড়ির গেটে বকশিশ চাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় বরপক্ষ শনিবার দুপুরে থানায় অভিযোগ করেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ওসি আরও বলেন, মারামারির পর বিয়ে ভন্ডুল হওয়ার মত দুঃখজনক ঘটনা ঘটেছে।