স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে ‘অশালীন, কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত’ বক্তব্যের প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।
আজ শুক্রবার বিকালে চকরিয়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিকালে চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অতিক্রম করে চিরিঙ্গা থানা সড়কের মাথায় স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান এবং কটূক্তিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।
সমাবেশে বক্তারা বললেন, সালাহউদ্দিন আহমদ একজন পরিচ্ছন্ন, জনপ্রিয় ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাকে নিয়ে অশালীন, মিথ্যা ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়েও সালাহউদ্দিন আহমদ জনগণের আস্থা অর্জন করেছেন। তার জনপ্রিয়তা এবং সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে এ ধরনের মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য অব্যাহত থাকলে জনগণ ও দলীয় নেতাকর্মীরা গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তার জবাব দেবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান জাস্টিস, সদস্যসচিব মিনহাজ উদ্দিন, শ্রমিক দলের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লাল্টু, কৃষক দলের আহ্বায়ক মহিউদ্দিন পুতু, সদস্যসচিব আনোয়ারুল আজিম, ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম, সদস্যসচিব আবদুল্লাহ আল নোমানসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌর শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সমাবেশস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।