Image description

হামাসের পক্ষ থেকে অস্ত্র ত্যাগ এবং এর বিপরীতে গাজা থেকে ইসরাইলি বাহিনীর পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের যে চুক্তি নিয়ে আলোচনা চলছে, তাকে সরাসরি ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করে তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির।

 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বেন গভির অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, গত ৭ অক্টোবরের রক্তক্ষয়ী ঘটনার পর হামাসের প্রতিটি সদস্যের হাত রক্তে রঞ্জিত এবং তাদের প্রত্যেকের দায়ভার তাদের নিজেদের ওপরই বর্তায়। 

 

 

এমতাবস্থায়, এই সন্ত্রাসী সংগঠনের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো হত্যাকাণ্ড বা গুপ্তহত্যা বন্ধে কোনো ধরনের প্রতিশ্রুতি দেওয়া মানেই হলো তাদের ভবিষ্যতে আরেকটি বড় ধরনের হামলার জন্য নিজেদের পুনর্গঠিত করার সুযোগ করে দেওয়া।

বর্তমান পরিস্থিতিতে নিজের রাজনৈতিক ও সামরিক অবস্থান পরিষ্কার করে বেন গভির বলেন, গাজায় লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড বা নির্মূল অভিযান কোনোভাবেই থামালে চলবে না। একই সাথে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় বা জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করার প্রক্রিয়াও উৎসাহিত করতে হবে। 

সূত্র: টাইমস অব ইসরাইল।