Image description
ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ১০ কোটি টাকার। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালের দিকে ধামরাই ফায়ার স্টেশন আগুন লাগার সংবাদ পায়। পরে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কারখানার নিজস্ব কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করে।
 
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
 
অগ্নিকাণ্ডে আহত মো. মানিক মিয়া (৩৫) ও মো. সিয়ামকে (২৬) উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
 
 
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। আগুন নিয়ন্ত্রণে আনার ফলে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
 
ধামরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন বলেন, ঘটনাস্থলটি স্টেশন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। তবে কালামপুর বাজার এলাকায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট থাকায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলোকে যানজট নিয়ন্ত্রণ করে ঘটনাস্থলে পৌঁছাতে হয়েছে।
 
সময়ের আলো