হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে চট্টগ্রামে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।
আজ বুধবার বিকেলে নগরের জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, বিকেল বেলা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করছিল এনসিপি চট্টগ্রাম মহানগর শাখা। সমাবেশ শেষের দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এনসিপি কর্মীদের টানা-হেঁচড়া ও হাতাহাতি শুরু হয়। ঘটনার পর দুই পক্ষই একে অপরকে দায়ী করে বক্তব্য দিয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন অভিযোগ করে বললেন, ‘আমাদের কর্মসূচি শেষের দিকে বিএনপি নেতা শাহেদ বক্সের নেতৃত্বে একদল কর্মী এসে আমাদের ঘিরে ধরে। তারা আমাদের নেতাকর্মীদের জোরপূর্বক টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা বাধা দিলে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে বিএনপি নেতা শাহেদ বক্স আমাদের ওপর চড়াও হন এবং তারেক রহমানের বিরুদ্ধে কথা বললে লাশ ফেলার হুমকি দেন। আমরা পরিষ্কার বলেছি, কর্মসূচি পালন করা ও সমালোচনা করা আমাদের গণতান্ত্রিক অধিকার।’
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহেদ বক্স জানালেন, ‘আমি জিমে যাওয়ার পথে প্রেস ক্লাবের কাছে ছাত্রদলের কিছু সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নামি। তারা জানায়, এনসিপি নেতারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করছেন। আমি তাদের নিবৃত্ত করি এবং জানাই যে প্রতিবাদ জানাতে হলে পরদিন আলাদাভাবে কর্মসূচি করা হবে। আমি নিজেই উদ্যোগ নিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিয়েছি। তা না হলে সেখানে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত।’
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা জানান, উত্তেজনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।