Image description

গরু বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের পর মা-ছেলেসহ তিন ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে লালমনিরহাট সীমান্তে আয়োজিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়।

 

সীমান্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টার দিকে ভারতের জারিধল্লার দরিবস এলাকা থেকে হোসনে আরা বেগম (৪৬) নামের এক নারী একটি গরু ও দুটি বাছুরসহ লালমনিরহাটের দিঘলটাড়ি সীমান্তের ৯২৬ নম্বর পিলার দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে ওই নারীকে খুঁজতে তার ছেলে জাহিদ হাসান ও প্রতিবেশী অর্জুন বর্মন সীমানা পেরিয়ে বাংলাদেশে চলে আসেন।

 

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি নজরে এলে তাৎক্ষণিক পদক্ষেপ নেন বিজিবি সদস্যরা। বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে আটক তিন ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

 

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, অবৈধ অনুপ্রবেশের বিষয়টি নজরে আসার পর বিজিবি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর তিন ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।