শর্তসাপেক্ষে লাইসেন্স ফিরে পাওয়ার পর আবার চিকিৎসা দেওয়া শুরু হয়েছে ঢাকার বড় মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে।
মঙ্গলবার সকাল থেকেই সেখানে চিকিৎসা নিতে পারছেন আগতরা।
এর আগে সোমবার শর্তসাপেক্ষে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে হাসপাতালটির কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
ছয়জন নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তিন শর্তে এ অনুমতি দেওয়া হয়।
শর্তগুলো হলো ১. দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে; ২. লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে; ৩. লাইসেন্সের শর্তাবলী প্রতিপালনে ব্যর্থ হলে সরকারকর্তৃক ক্ষমতা প্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
গত ২৭ মে ভোররাতে আদ-দ্বীন হাসপাতালের অস্ত্রোপচার পরবর্তী ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। এই ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) তিন সদস্যের উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১১ জুন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।