নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও স্বেচ্ছাসেবী নিয়োগকে কেন্দ্র করে সক্রিয় হয়েছে একটি প্রতারক চক্র। উপজেলা সমাজসেবা কর্মকর্তার ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে তারা। বিষয়টি জানাজানি হওয়ার পর আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন নিজের ফেসবুক আইডিতে একটি সতর্কবার্তা প্রকাশ করে প্রতারণার বিষয়টি তুলে ধরেন।
জানা গেছে, ফ্যামিলি কার্ড শুমারি ও তথ্য সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগে আবেদন গ্রহণের পর প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শেষ হয়। পরে আবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হলে সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতারকরা সক্রিয় হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, প্রতারক চক্রটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেনের ছবি ব্যবহার করে ০১৩০৫৫৩০৯৩৫ নম্বরে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করে। সেখান থেকে আবেদনকারীদের পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবি করা হচ্ছে।
ঘটনার খবর পাওয়ার পর আবেদনকারীদের সতর্ক করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
জাকির হোসেন বলেন, একটি প্রতারক চক্র তার পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ নম্বর থেকে চাকরিপ্রত্যাশীদের কাছে টাকা দাবি করছে। তিনি সবাইকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি জানিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, সমাজসেবা কর্মকর্তা বিষয়টি অবহিত করেছেন। এ ঘটনায় জিডি করার প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শীর্ষনিউজ