Image description

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে এক সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অফিসকক্ষে টাকা গ্রহণ ও গুনে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

রোববার (২৭ জুলাই) বিকেলে দুই মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ইমরান শেখ অফিসকক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করে তা গুনছেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কে মন্তব্যও করতে শোনা যায় তাঁকে।

ভিডিওতে তিনি বলেন, ‘উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।’

তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইমরান শেখ। তার দাবি, ভিডিওতে যে টাকা নেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে, সেটি ঘুষ নয়; আগে ধার দেওয়া টাকা ফেরত নিচ্ছিলেন। তিনি বলেন, অনেকেই তার কাছ থেকে ব্যক্তিগতভাবে টাকা ধার নেন এবং পরে তা পরিশোধ করেন। ভিডিওটি সেই সময় ধারণ করা হয়েছে।

তবে কাকে তিনি টাকা ধার দিয়েছিলেন কিংবা ভিডিওতে দেখা ব্যক্তির পরিচয় জানতে চাইলে তিনি কোনো তথ্য দিতে রাজি হননি।

এ বিষয়ে বক্তব্য জানতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, এর আগেও সরেজমিনে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে ইমরান শেখকে কর্মস্থলে না পেয়ে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘টাকা নেওয়ার অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক