মাত্র তিন দিনের ব্যবধানে পূর্ব সুন্দরবনে আবারও দেখা গেল রয়েল বেঙ্গল টাইগারের বিরল এক দৃশ্য।
আজ রবিবার সকাল ১০টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের টাইগার পয়েন্ট এলাকার নদীতে সাঁতার কাটতে দেখা যায় বাঘটিকে।
বনরক্ষীদের টহল বোটের সামনেই নদী সাঁতরে অন্যপারে হওয়ার চেষ্টা করে বাঘটি। বিরল এই মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করেন বন বিভাগের বোটচালক সাইফুর রহমান (বিএম)। পরে ভিডিওটি তিনি তার ফেসবুকে আপলোড করলে ব্যাপক কৌতহল দেখা য়ায় নেটিজেনদের মাঝে।
এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক পর্যটন কেন্দ্র ও বন বিভাগের টহল ফাঁড়ির অফিস চত্বরে একটি বাঘিনীকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন বনরক্ষীরা। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটিও ব্যাপক সাড়া ফেলে ভ্রমণ পিপাসুদের মাঝে।
তিন দিনের মাথায় আবারও বাঘের এমন উপস্থিতি সুন্দরবনের বন্যপ্রাণীপ্রেমী, পর্যটক এবং বন কর্মকর্তাদের মধ্যে নতুন করে কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে।
ঘটনাস্থলে থাকা শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বোটচালক (বিএম) সাইফুর রহমান জানালেন, টাইগার পয়েন্ট এলাকায় নিয়মিত টহলকালে হঠাৎ বন থেকে একটি বাঘ নদীতে নেমে সাঁতার কাটতে দেখপন তারা। বাঘটি প্রায় নদীর মাঝামাঝি পৌঁছে গিয়েছিল। তাদের বোটের শব্দ শুনে আবার ফিরে যায়। এমন দৃশ্য খুব কমই দেখা যায়। তাই দ্রুত মোবাইলে ভিডিও ধারণ করেন তিনি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বললেন, সুন্দরবনের নদী-খাল পেরিয়ে বাঘের চলাচল স্বাভাবিক আচরণের অংশ। খাবারের সন্ধান, নিজের এলাকা পরিবর্তন কিংবা প্রাকৃতিক প্রয়োজনেই তারা নিয়মিত সাঁতার কাটে। তবে টহলের সময় এভাবে কাছ থেকে এমন দৃশ্য সচরাচর দেখা মেলে না।
বন বিভাগের ভাষ্য, সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এই সময় বনজীবী, পর্যটকসহ সাধারণে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে মানব কোলাহলমুক্ত সুন্দরবনে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণী সাচ্ছন্দে বিচরণের সুযোগ পেয়েছে। তাছাড়া বন বিভাগের কঠোর নজরদারিতে অনেকটাই কমেছে বন অপরাধ। আগের তুলনায় বেড়েছে বাঘ, হরিণের সংখ্যাও। যার ফলে এখন প্রাই দেখা মিলছে বাঘের।