Image description

রাজধানীর ঢাকা উত্তর সিটি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা সংগ্রহের জন্য নেওয়া ফি বা চার্জ বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

 

রোববার (২৬ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। রিটে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবাড়ি থেকে ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহের নামে ফি বা চার্জ আদায় বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে।

 

জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন রিটের সঙ্গে যুক্ত করা হয়েছে।

 

এ বিষয়ে আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বলেন, সিটি করপোরেশন বাসাবাড়ি থেকে হোল্ডিং ট্যাক্স আদায় করে। ওই করের মধ্যে বর্জ্য অপসারণ ও হস্তান্তরসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে। ফলে হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে একবার বর্জ্য অপসারণের ফি নেওয়ার পর ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য সংগ্রহের জন্য প্রতি মাসে আলাদা করে টাকা নেওয়া বেআইনি।

 

তিনি বলেন, এ কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবাড়ি থেকে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য সংগ্রহ বাবদ ফি বা চার্জ আদায় বন্ধে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।

 

রিট আবেদনকারী জানান, বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য রিটটি জমা দেওয়া হয়েছে।

 

এর আগে বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের নামে বিল আদায় বন্ধে গত ১০ জুন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে পৃথক আবেদন করেন আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। এতে ফল না পেয়ে চলতি মাসে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান তিনি। তাতেও দৃশ্যমান ফল না পাওয়ায় আজ হাইকোর্টে রিট করেন বলে জানান তিনি।