জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তের দাবি জানিয়ে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ২৭ জন শিল্পী ও পেশাজীবীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্দোলন করায় একজনকে গুম ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে ট্রাইব্যুনালে এ অভিযোগ দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস।
বিষয়টি নিশ্চিত করে তিনি এশিয়া পোস্টকে বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ২৭ জন শিল্পী ও পেশাজীবীর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালে লিখিত অভিযোগে আয়াস ‘অজ্ঞাত দুর্বৃত্তদের’ বিরুদ্ধে তাকে গুমের অভিযোগ আনেন। তিনি জানান, মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে শাহবাগে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। এ কারণে গত বছরের ১৮ জানুয়ারি ময়মনসিংহ যাওয়ার পথে মহাখালী বাসস্ট্যান্ড থেকে কয়েকজন ‘অপরিচিত দুর্বৃত্ত’ তার চোখ কালো কাপড়ে ঢেকে, মুখ বেঁধে তুলে নিয়ে একটি অন্ধকার ঘরে বেঁধে রাখে। সেখানে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে ভিডিও বার্তার মাধ্যমে ওই আন্দোলন স্থগিত করতে বাধ্য করা হয়। পর দিন কারওয়ান বাজার এলাকায় ফেলে রেখে গেলে সেনাবাহিনী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার তদন্তপূর্বক বিচার দাবি করেন তিনি।
আয়াসের দাবি, মো. সাহাবুদ্দিনের সহযোগিতায় ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণ, অমানবিক নির্যাতন, খুন, গুম সংঘটিত হয়েছে। হুকুমদাতা হিসেবে তার ভূমিকা তদন্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি বা সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৭ জন শিল্পী, অভিনেতা ও পেশাজীবীদের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম। অভিযুক্তদের মধ্যে আসাদুজ্জামান নূর, ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, পিয়া জান্নাতুল, মারিয়া কিসপট্টা, সোমা ইসলাম, আনিস আলমগীর, শান্তা ফারজানা ও মোমিন মেহেদীর (ছাত্রলীগ নেতা) নাম রয়েছে।
এর আগে রোববার মানবতাবিরোধী অপরাধের তদন্তের দাবি জানিয়ে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে বাংলাদেশ আজাদ পার্টি।