Image description

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলির আদেশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানববন্ধনে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আন্দোলন বন্ধের অনুরোধ জানিয়ে বলেন, ‘আমার চাকরি খাইয়েন না। তোমাদের কাছে আমি মাফ চাই। তোমরা আমার কোনো ক্ষতি কোরো না।’

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের দাবি, কান্নাজড়িত কণ্ঠে মোহাম্মদ মহসিন বলেন, এটি সরকারি চাকরির স্বাভাবিক বদলির অংশ এবং এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দিতে চান না। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান।

তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এই কর্মসূচি সম্পূর্ণ তাদের নিজস্ব উদ্যোগে আয়োজন করা হয়েছে এবং এতে কোনো শিক্ষকের সম্পৃক্ততা নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, সামান্য বৃষ্টির পানি জমে থাকার ঘটনাকে কেন্দ্র করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলির সিদ্ধান্ত অযৌক্তিক। তাদের দাবি, প্রিয় শিক্ষকদের অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। বিভাগীয় ব্যবস্থা বা চাকরি হারানোর আশঙ্কায় শিক্ষক তাদের সামনে আবেগাপ্লুত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

আরও কয়েকজন শিক্ষার্থী হুঁশিয়ারি দিয়ে বলেন, বদলির আদেশ পুনর্বিবেচনা না করা হলে এবং শিক্ষকদের ওপর চাপ প্রয়োগ অব্যাহত থাকলে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

এ বিষয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম বলেন, শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয়টি সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ার। কলেজ প্রশাসনের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা বদলির আদেশ বাতিল বা পুনর্বিবেচনার দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন।

শীর্ষনিউজ