Image description

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জনের মধ্যেই চিকিৎসা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে বিকেল ৫টায় জরুরি সংবাদ ব্রিফিংয়ের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিকেল ৫টায় সংসদ ভবনের শপথকক্ষে এই সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে সংসদ সচিবালয়ের একটি সূত্র।

এর আগে আজ শুক্রবার (২৪ ২৪ জুলাই) দুপুরে থাইল্যান্ডে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের দুই দিন আগেই ব্যাংকক থেকে দেশে ফেরেন স্পিকার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সম্পর্কে কোনো আগাম তথ্য নেই বলে জানান তিনি। তবে রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী পরবর্তী আইনি ও সংসদীয় পদক্ষেপ কী হবে, তা স্পষ্ট করেন স্পিকার।

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দেবেন এবং সংবিধানের বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

এদিকে গত ১৯ জুলাই ব্যাংকক যাওয়ার পর বঙ্গভবনে রাষ্ট্রপতির বিদায়ের প্রস্তুতি ও সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর চর্চা শুরু হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তিনটি পৃথক সূত্রের বরাতে জানিয়েছে, আজ শুক্রবারই পদত্যাগ করতে পারেন মো. সাহাবুদ্দিন। এমন উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগে স্পিকারের ঢাকায় ফেরা এবং জরুরি ব্রিফিংয়ের ঘোষণা পদত্যাগের জল্পনাকে আরও তীব্র করেছে। 

City& Local Guides

 

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তাঁর মেয়াদ থাকার কথা রয়েছে।