Image description

সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় বাবা ও ছেলে প্রাণে বেঁচে গেলেও নিহত হন মা ও অন্য দুই ছেলে-মেয়ে।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ-মক্কা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা, তার ছেলে তাসবিক ও মেয়ে জারা।

 

আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং বড় ছেলে নাবিল। শফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।

 

রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর সৌদি আরব থেকে জানান, বৃহস্পতিবার সকালে পরিবারের পাঁচ সদস্য ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে রওনা দেন। প্রায় ৩০০ কিলোমিটার অতিক্রম করার পর তাদের বহনকারী প্রাইভেটকারটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই রিনা, তার ছেলে তাসবিক ও মেয়ে জারার মৃত্যু হয়। এরপর দুইজন গুরুতর আহত হন।

 

রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ জানান, তাদের গাড়িটিকে পেছন থেকে একটি ভারী যানবাহন সজোরে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম খোকন ও তার বড় ছেলে নাবিল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

তিনি আরও জানান, আহতদের শারীরিক অবস্থার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।