Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি বলেন, বিএনপিকে সমর্থন দিয়েছি যেন জামায়াত এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে।

 

সম্প্রতি এশিয়া পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন জমিয়ত সভাপতি।

 

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, জামায়াতে ইসলামী একটা সেক্যুলার (ধর্ম নিরপেক্ষ) দল, আওয়ামী লীগ সেক্যুলার দল, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি সেক্যুলার দল, এদের তো ইসলাম নিয়ে কর্মসূচি নেই। জামায়াত সেক্যুলার, কথাও বলে সেক্যুলারিজমের। জামায়াতের মধ্যে দ্বিমুখী নীতি আছে। তারা মানুষের কাছে বলে ইসলাম করবে, কিন্তু ইশতেহারে বলে শরিয়াহ আইন করবে না, ইসলামি হুকুমত করবে না।

 

জামায়াতের ইসলাম নিয়ে কোনো আইডিয়া নেই জানিয়ে তিনি বলেন, মওদুদি সাহেবের (সৈয়দ আবুল আলা মওদুদী) কয়েকটি বই-ই তাদের সর্বোচ্চ তহবিল। এখানে কোরআন, হাদিস, ফিকহ নেই। জামায়াতের যে যোগ্যতা, আওয়ামী লীগ ও বিএনপির একই যোগ্যতা। তাদের মধ্যে ইসলামের কোনো প্রোগ্রামই নেই, আমি সেখানে কেন যাব? যারা জামায়াতে গেছে, তারা ভুল-বোঝাবুঝিতে গেছে। অন্যথায় ধোঁকায় পড়ে তারা গেছে।

 

জামায়াত তার আদর্শের ওপরে পৃথিবীতে কোনো মহল্লাও গড়তে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, ইসলামি হুকুমত পরিকল্পনা ও প্রোগ্রামে হয় না। এটি হয় দেশের মানুষের মধ্যে ইসলামি বিপ্লব আসার পর। মানুষের আকিদা, আল্লাহর ভয়, চরিত্র ও আচরণ সম্পূর্ণ ইসলামকেন্দ্রিক হতে হবে। এগুলো হলে আল্লাহ ক্ষমতা দান করবেন। এ ঘোষণা তিনি কোরআনে দিয়েছেন।

পৃথিবীতে পরিকল্পনা করে ইসলামি হুকুমত হয় না জানিয়ে তিনি বলেন, পরিকল্পনা করে ইসলামি হুকুমত আসার বিষয়টি ইসলামেও নেই, কোরআন-হাদিসেও নেই। এটা অসম্ভব জিনিস। মানুষ অনৈসলামিক কার্যকলাপে ডুবে আছে, আর আল্লাহ ইসলামি হুকুমত দিয়ে দেবেন, এটা অযৌক্তিক কথা।