প্রাথমিক শিক্ষকদের উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বদলি কীভাবে হবে, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে নতুন নীতিমালা বাস্তবায়নের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ চলছে। যার মধ্যে বদলিও অন্তর্ভুক্ত রয়েছে। এই নতুন নীতিমালা আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়নের চেষ্টা চলছে। নতুন নীতিমালা না আসা পর্যন্ত উপজেলার মধ্যে বদলি হতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে আবেদন করতে হবে। জেলার মধ্যে বদলির ক্ষেত্রে আবেদন করতে হবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে। আর মেট্রোপলিটন বা ডিভিশন-ডিভিশন ট্রান্সফার হতে চাইলে, দুই ডিভিশনের ডিডির কাছে আবেদন দিতে হবে।
তিনি আরও বলেন, কমিটি মাসে একবার একটা মিটিংয়ে বসবে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হবে ট্রান্সফার হবে কিনা। আপাতত সাময়িকভাবে এই ব্যবস্থা করা হয়েছে। আগামী দুই-তিন মাসের মধ্যে এর স্থায়ী ব্যবস্থা করা হবে।