Image description

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের কাছে এক ভিন্নধর্মী আবেদন নিয়ে হাজির হয়েছিল একদল শিশু। তাদের একটাই চাওয়া ছিল—খেলার জন্য একটি মানসম্মত বল। শিশুদের সেই আবেদন ফিরিয়ে দেননি ইউএনও। বরং তাদের হাতে তুলে দেন একটি বল।

আজ বুধবার নিজের ফেসবুক পোস্টে এ অভিজ্ঞতার কথা জানান তিথি মিত্র।

তিনি লিখেছেন, আজ বিকালে অফিসে দাপ্তরিক কাজ করার সময় একজন স্টাফ এসে জানান, কয়েকজন তার সঙ্গে দেখা করতে এসেছে। তাদের ভেতরে আসতে বললে শিশুদের দেখে তার কৌতূহল জাগে। পরে আসার কারণ জানতে চাইলে তারা জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তাদের একটি দাবি আছে। তাদের একটি বল দিতে হবে।

ইউএনও জানান, কেন বল প্রয়োজন জানতে চাইলে শিশুরা একটি লিখিত আবেদন জমা দেয়। আবেদনে তারা উল্লেখ করে, তাদের খেলার জন্য কোনো মানসম্মত বল নেই। খেলাধুলা পড়াশোনার একটি গুরুত্বপূর্ণ অংশ। খেলাধুলা করলে শরীর সুস্থ ও সুন্দর থাকে। তাই তাদের একটি বল প্রয়োজন।

শিশুদের এমন সরল ও অকাট্য যুক্তির পর তাদের একটি বল দেওয়া নিজের দায়িত্ব বলে মনে করেন তিথি মিত্র। পরে তিনি তাদের হাতে একটি বল তুলে দেন।

ফেসবুক পোস্টে ইউএনও আরও লিখেছেন, ‘শিশুদের হাতে বল তুলে দিতে পেরে তার মন অনাবিল আনন্দে ভরে ওঠে। আর বলটি পেয়ে শিশুদের উচ্ছ্বাস তার পুরো দিনটিকেই আনন্দময় করে তোলে।

পোস্টের শেষে তিনি লেখেন, ‘শৈশব হোক আনন্দময়।’