Image description

প্রায়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পলাতক আসামী অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করেছে প্রসিকিউশন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ আবেদন করা হয়।

 

বিজ্ঞাপন

প্রসিকিউশন জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে হাজিরের জন্য আবেদন করা হয়েছে। আজ শুনানি হওয়ার কথা রয়েছে।

 

এদিকে মোজাফফরের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, মেজর (অব.) মোজাফফরের সহযোগীদের বিচারও সামরিক আদালতে হয়েছে। তিনি দীর্ঘদিন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সেনা আইনে বিচার করার জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচারটা নিশ্চিত করা হবে।

 

৪৫ বছর ধরে পলাতক ছিলেন মেজর (অব.) মোজাফফর। ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।