Image description

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। এমন অবস্থায় মেগাসিটি ঢাকার বায়ুমান অস্বাস্থ্যকর।

বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান সপ্তম। যার বায়ুমান স্কোর ১২৮। এই অবস্থাকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়।

 

মঙ্গলবার (২১ জুলাই) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) সকালে বায়ুদূষণের শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। যার বায়ুমান স্কোর ২৬৬। এই অবস্থাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।

যার বায়ুমান স্কোর ১৭১। তৃতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা; যার বায়ুমান স্কোর ১৬৫। চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। যার বায়ুমান স্কোর ১৫১। পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
যার বায়ুমান স্কোর ১৩৪। এ ছাড়া ষষ্ঠ অবস্থানে রয়েছে মিসরের কায়রো। যার বায়ুমান স্কোর ১৩২।

 

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।