Image description

পাচারের উদ্দেশ্যে বক্সখাটের ভেতর লুকানো ১১৭০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে বিপুল এই চাল উদ্ধার করা হয়।

শনিবার ভোলার লালমোহন থানার কিশোরগঞ্জে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তাদের গ্রামে জসিম সর্দারের বাড়িতে খাদ্য অধিদপ্তরের সরকারি চাল আত্মসাৎ করে পাচারের উদ্দেশ্যে বক্সখাটের ভেতর লুকিয়ে রাখা হয়েছে।

৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য লালমোহন থানায় জানানো হয়। ওই কলটি ধরেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল  শাহজাহান শাহ এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার মো. আব্দুল বারী।

সংবাদ পেয়ে লালমোহন থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে জসিম সর্দারের বাড়ি থেকে ৩০ কেজির ২৪ বস্তা চাল এবং ৫০ কেজির নয় বস্তা চাল মোট ১১৭০ কেজি চাল উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে মূল অভিযুক্ত জসিম সর্দারের স্ত্রী রোকেয়া বেগমকে (৩৫) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে জসিম সর্দার এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এরই মধ্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে।