Image description

টেস্ট ও ওয়ানডেতে হারলেও, জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সফরকারী বাংলাদেশ। রোববার (১৯ জুলাই) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পায় তাওহিদ হৃদয়ের দল।

 

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। মায়ার্সের ৫৩ বলে ৭৩ রান ও ব্রায়ান বেনেটের ৩৮ বলে ৪৭ রান নিয়ে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে জিম্বাবুয়ে।

 

বাংলাদেশের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২টি উইকেট নেন। মাহেদী হাসান, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন। এ ছাড়া দুটি গুরুত্বপূর্ণ রানআউটও জিম্বাবুয়ের রান আটকে রাখতে বড় ভূমিকা রাখে।

 

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। তবে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ইমন ২২ বলে ২৪ রান করে ফিরলেও তানজিদ ইনিংসের হাল ধরে রাখেন।

অধিনায়ক তাওহীদ হৃদয় ১৯ বলে ২৪ রান করেন এবং ইয়াসির আলী যোগ করেন ৯ বলে ১০ রান। শেষদিকে টানা দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও তানজিদ হাসান শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তিনি ৫৮ বলে ৬৬ রানের ইনিংসে ১টি চার ও ৪টি ছক্কা হাঁকান। শেষ বলে নয়, বরং ১৯.৪ ওভারে মাহেদী হাসানের বাউন্ডারিতে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

 

জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স দুটি করে উইকেট নেন। সিকান্দার রাজাও শিকার করেন ২টি উইকেট।

 

এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে ট্রফি নিজেদের করে নিল বাংলাদেশ।