ফুটবল বিশ্বকাপের খেলা প্রদর্শনীকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে বৈঠক করে চার দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি।
ডাকসুর পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপের খেলা প্রদর্শনীকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অন্তত ছয়টি স্থানে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়ার পাশাপাশি ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হচ্ছে।
আগামী ১৯ ও ২০ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপের শেষ দুই ম্যাচকে সামনে রেখে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রক্টরিয়াল বডির সঙ্গে ডাকসুর প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চার দফা দাবি জানানো হয়।
ডাকসুর দাবিগুলো হলো—
পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পুরো ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার এবং নিয়ন্ত্রিত প্রবেশব্যবস্থা নিশ্চিত করা।
শাহবাগ, নীলক্ষেত, ফুলার রোড, অফিসার্স টাওয়ার, দোয়েল চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান—এই ছয়টি প্রবেশপথে কঠোর নজরদারির মাধ্যমে শুধু বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ রাখা।
অ্যাম্বুল্যান্স ও জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা।
প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে বিশ্বকাপের খেলা প্রদর্শনী বন্ধ রাখা।
ডাকসুর প্রতিনিধিরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের অক্ষম বা ব্যর্থ মনে করে, তাহলে সব ধরনের বিশ্বকাপ খেলা প্রদর্শনী বন্ধ রাখা উচিত।
সভায় ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা এবং কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির উপস্থিত ছিলেন।
