পুরান ঢাকার একটি ড্রেন পরিষ্কার করতে নেমে নিখোঁজ হওয়া পরিচ্ছন্নতাকর্মী ও ডুবুরি মিলনের মরদেহ প্রায় ২৫ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে পুরান ঢাকার ৩০ নম্বর ওয়ার্ডের নলগলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ওই এলাকার ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন। দুপুর ১টার পর মিলন ম্যানহোলে নামার কিছু সময় পর তার সঙ্গে থাকা নিরাপত্তার রশি ছিঁড়ে যায়। সহকর্মীরা খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে টানা প্রায় ২৫ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ম্যানহোলের ভেতরের বিষাক্ত গ্যাস ও প্রতিকূল পরিবেশের কারণে তিনি নিখোঁজ হন। পরে প্রায় ৪০০ মিটার দূরে ড্রেনের ভেতরে আটকে থাকা অবস্থায় তার মরদেহের সন্ধান পাওয়া যায়। উদ্ধারকাজে রাস্তা খুঁড়ে সামনে এগোতে হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শক রাশেদুর রহমান রাসেল জানান, সরকারি ও বেসরকারি কয়েকটি সংস্থার সমন্বিত অভিযানে নলগলা থেকে বেড়িবাঁধ পর্যন্ত অংশে রাস্তা কেটে মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিটি করপোরেশনের কর্মীরা জানান, ড্রেন পরিষ্কারের কাজটির ঠিকাদার ছিলেন বাবু নামে একজন এবং তত্ত্বাবধানে ছিলেন মোনা। নিহত মিলন পরিচ্ছন্নতা কর্মীদের কাছে ‘ডুবুরি মিলন’ নামেই পরিচিত ছিলেন।