Image description

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, প্রয়াত কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কিছু যোগাযোগ ছিল। তবে সেই যোগাযোগের প্রকৃতি বা ধরন সম্পর্কে তিনি নির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেননি।

 

 

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পডকাস্টার জো রোগানের সঙ্গে বুধবার প্রকাশিত এক দীর্ঘ সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে ভ্যান্স বলেন, এপস্টেইনের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের স্পষ্ট যোগাযোগ ছিল। একইভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ মহলের সঙ্গেও তার যোগাযোগ ছিল।

 

ভ্যান্স আরও দাবি করেন, ইসরায়েলে এপস্টেইনের যেসব যোগাযোগ ছিল, সেগুলোর রাজনৈতিক অবস্থান ছিল বামঘেঁষা।

 

তবে ভ্যান্স তার দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি এবং এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

সূত্র: সিএনএন