Image description

জুলাই শহীদ দিবস উপলক্ষে ফেনী সরকারি কলেজে আয়োজিত স্মরণসভায় ব্যবহৃত ব্যানারে জুলাই আন্দোলনের শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের ছবি না থাকায় আপত্তি জানান কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের তোপের মুখে কলেজ কর্তৃপক্ষ ব্যানারটি অপসারণ করে ওয়াসিমের ছবি সংযুক্ত করে নতুন ব্যানার টানায়। পরে সংশোধিত ব্যানারেই স্মরণসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) কলেজের বীর মুক্তিযোদ্ধা খাজা আহম্মদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

কলেজ সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি এবং শিক্ষক পরিষদের সম্পাদক বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠান শুরুর একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা মঞ্চে উঠে ব্যানারে শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের ছবি না থাকায় আপত্তি জানান। পরে তাদের আপত্তি ও ক্ষোভের প্রেক্ষিতে আগের ব্যানার সরিয়ে ওয়াসিমের ছবি সংযুক্ত নতুন ব্যানার টানানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের স্নাতক পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, অনুষ্ঠান শুরু হওয়ার পর একটি ছাত্রসংগঠনের আপত্তির মুখে কলেজ কর্তৃপক্ষকে ব্যানার পরিবর্তন করতে দেখে আমরা বিস্মিত হয়েছি। এতজন শিক্ষার্থীদের সামনে সামান্য একটি বিষয় নিয়ে শিক্ষকদের সঙ্গে এমন করা কতটুকু যুক্তিসম্মত তা ভাবার বিষয়। এছাড়া জুলাই আন্দোলনে ফেনীর ১১ জন শহীদ রয়েছে। কিন্তু ব্যানারে তাদের মধ্যে শুধু দুইজনের ছবি ছিল। তবুও ছাত্রদল নেতারা চট্টগ্রামের শহীদ ওয়াসিমের ছবির জন্য এমন কাণ্ড করেছে। 

ফেনী কলেজ ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১৬ জুলাইয়ের দ্বিতীয় শহীদ ছিলেন ওয়াসিম আকরাম। স্মরণসভার ব্যানারে আবু সাঈদ, মুগ্ধ, ফেনী কলেজের মাসুদ ও শ্রাবণের ছবি থাকলেও ওয়াসিমের ছবি ছিল না। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হলে তারা প্রথমে ছবি না পাওয়ার কথা এবং পরে সময়স্বল্পতাসহ বিভিন্ন কারণের কথা জানান। তবে আমাদের প্রতিবাদের পর কিছু সময়ের মধ্যেই ওয়াসিমের ছবি সংযুক্ত নতুন ব্যানার টানিয়ে অনুষ্ঠান পরিচালনা করা হয়। ব্যানার সংশোধনের সিদ্ধান্তের পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ এনামুল হক খোন্দকার বলেন, জুলাই শহীদ দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ ওয়াসিমের ছবি না থাকায় ছাত্রদল আপত্তি জানায়। তারা জানায়, ওয়াসিম ছাত্রদলের কর্মী ছিলেন এবং চট্টগ্রামে শহীদ হন। বিষয়টি নজরে আসার পর তাদের আপত্তির প্রেক্ষিতে ব্যানার সংশোধন করে ওয়াসিমের ছবিসহ নতুন ব্যানার টানিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ওয়াসিমের বিষয়টি অনিচ্ছাকৃতভাবে বাদ পড়ে গিয়েছিল।