Image description

গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় দলের উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম সমাপনী বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। এ নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে ওই কর্মসূচির আয়োজন করা হয়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির ওই পথসভায় সমাপনী বক্তব্যে ‘জয় বাংলা’ দেন অনুষ্ঠানের সভাপতি দলের সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক শফিজল ইসলাম। ৫৮ সেকেন্ডের এই ভিডিওতে শফিজল ইসলাম বলেন, ‘আমি সাদুল্লাপুর উপজেলায় জামালপুর ইউনিয়নের নির্বাচনের জন্য বিভিন্ন মানুষের পাড়া-মহল্লায় গিয়ে কথা বলতাছি। অত্যন্ত সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন, আশা করি আমাকে কেউ ঠেকাতে পারবে না। এখান থেকে হাফ কিলোমিটার দূরে জামালপুর ইউনিয়ন। আপনারা সহযোগিতা করলে চেয়ারম্যান পদে কেউ আমাকে ঠেকাতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা।’ এর পরপরই তিনি বলেন, ‘সরি, সরি’ এবং মঞ্চ থেকে নেমে যান।

এর আগে ওই পথসভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান ও সুমাইয়া ফারজানা, এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে তার কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরেন এনসিপির নেতারা। পথে বিকাল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই পথসভায় বক্তব্য দেন তারা।

এ বিষয়ে জানতে শফিজল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। এনসিপির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক খাদেমুল ইসলাম বলেন, ‘শফিজল ইসলাম আগে কোনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এলাকায় তার জনপ্রিয়তা আছে। তাই তাকে সাদুল্লাপুর উপজেলা শাখার আহ্বায়ক মনোনীত করা হয়েছে। তিনি বিপুলসংখ্যক মানুষের সামনে কখনও বক্তব্য দেননি। তাই ভুল করে জয় বাংলা বলে ফেলেছেন।’