বাংলাদেশে শেখ হাসিনা বা তার দলের রাজনীতি প্রতিষ্ঠা হওয়ার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
আজ বৃহস্পতিবার বিকালে নগরীর ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে ‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেছেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, স্বৈরাচার হাসিনার পতনের পর গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে।
তিনি বললেন, ‘ফ্যাসিবাদি হাসিনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর আসছে যে সে (শেখ হাসিনা) নাকি ফেরত আসবে। তারা নাকি আবারও পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে কঠোরভাবে একটি বার্তা দিয়ে যেতে চাই। বাংলাদেশে আর কোনোদিনও ফ্যাসিবাদী খুনি হাসিনা অথবা তার দলের রাজনীতির প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ নাই।’
প্রতিমন্ত্রী বলেছেন, ‘যতদিন আমরা জীবিত রয়েছি, শহীদ পরিবারসহ আহত যারা রয়েছে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলাম, এটা আমরা কোনোদিন হতে দেব না। আমরা গণহত্যার বিচার চাই। প্রতিটি শহীদ পরিবারের একটাই আকুতি, এই গণহত্যার বিচার হতে হবে। আমরা বাংলাদেশে আইনের শাসন এবং বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের যথযাথ বিচারের আওতায় নিয়ে এসে সেই বিচারকে কার্যকর করব।’
বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা ধরে রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বললেন, ‘একটা বৈষম্যহীন বাংলাদেশ করার জন্যে এই আন্দোলন গড়ে উঠেছিল। এখানে আমাদের মধ্যে আগামীতে যেন কোনো বৈষম্য গড়ে না ওঠে। সেটার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি সর্বাত্মকভাবে কাজ করে যাব। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের স্মৃতি ধরে রাখার জন্যে সম্ভব হলে প্রত্যেক জেলায় একটি করে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দীন ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।