Image description

ড. মুহাম্মদ ইউনূসের ৬৬৬ কোটি টাকার কর মওকুফ বা কর-সংক্রান্ত মামলা প্রত্যাহারের খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তিনি জানিয়েছেন, গ্রামীণ কল্যাণের কর-সংক্রান্ত মামলাটি এখনো হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) হাইকোর্টে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার মামুন জানান, ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চুক্তিভিত্তিক প্রাপ্ত মুনাফার ওপর গ্রামীণ কল্যাণ ১৫ শতাংশ হারে উৎসে কর (ট্যাক্স অ্যাট সোর্স) পরিশোধ করেছে। তবে ২০১৭ সালে একজন জয়েন্ট কমিশনার তার এখতিয়ারের বাইরে গিয়ে একই অর্থের ওপর পুনরায় ৬৬৬ কোটি টাকা কর আরোপ করেন।

তিনি বলেন, ওই কর আরোপের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণ দুটি রিট আবেদন করেছে, যা বর্তমানে হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে।

ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, এসব প্রতিষ্ঠান কোম্পানি আইনের ২৮ ধারার অধীনে পরিচালিত অলাভজনক সংস্থা এবং এগুলোর কোনো ব্যক্তিমালিকানা নেই।

তিনি দাবি করেন, এ কারণে ড. ইউনূসের নামে কর ফাঁকি, কর মওকুফ বা মামলা প্রত্যাহারের যেসব তথ্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই এবং সেগুলো গুজব।

শীর্ষনিউজ