Image description

শেখ হাসিনা দেশে ফিরলে সরকার স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘তাঁর আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, তিনি যদি আসেন, আমরা স্বাগত জানাব। আমরা বিচার নিশ্চিত করতে চাই।’

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে জাহেদ উর রহমান বলেন, তিনি আসলে মামলার মুখোমুখি হবেন। মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি আইনজীবী আনারও সুযোগ আছে। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ আইনজীবী নিয়ে আসুন। তিনি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করুন। সেখানে অবজারভার রাখা যায়, ভিডিও ক্যামেরা রাখা যায়। অন্তর্বর্তী সরকারের সময় আইসিটি আইনকে এতটাই আধুনিক করা হয়েছে যে, একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রক্রিয়া চলবে।

তিনি আরও বলেন, ‘এই দেশের জনগণ চায়, তিনি যে অপরাধ করেছেন, সেই অপরাধে যে মৃত্যুদণ্ড হয়েছে, তা যেন বহাল থাকে। মৃত্যুদণ্ড কার্যকর হোক— সেটাও জনগণ দেখতে চায়। আবার আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত তাঁকে অন্য কোনো শাস্তি দেয় অথবা তাঁকে খালাস দেয়, সেটাও হবে। বিচার এভাবেই হতে হয়। সে জন্যই বলছি, আমরা তাঁকে স্বাগত জানাই। কারণ আমরা বিচার নিশ্চিত করতে চাই।’

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি, এই দেশে তাঁর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। এমনকি আওয়ামী লীগের প্রতি কিছুটা সহানুভূতিশীল মানুষও আমার সঙ্গে একমত হবেন। তাই এটিকে আমি কোনো চাপ বা সমস্যার বিষয় বলে মনে করি না।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার শুরু থেকেই ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে আসছে। বর্তমান সরকারও সেই উদ্যোগ অব্যাহত রেখেছে। সরকারের নীতিগত অবস্থান হলো তাঁকে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার নিশ্চিত করা। তাই তিনি যদি আসতে চান, সরকার স্বাভাবিকভাবেই তাঁকে সহযোগিতা করবে।’

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘এটি সরকার দেয়নি, আদালত দিয়েছে। নির্বাহী বিভাগ হিসেবে আদালতের নির্দেশনা কার্যকর করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কেউ যদি মনে করেন, এই সিদ্ধান্তে সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে, তাহলে আদালতে তা চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে।’

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বাস্তবতায় বিভিন্ন বক্তব্য ছড়িয়ে পড়ছে। তবে আদালতের নির্দেশনা অমান্য না করার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি, বিচারক ও আদালতের সংখ্যা বৃদ্ধি এবং বিচারব্যবস্থার সীমাবদ্ধতা দূর করতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।