Image description

চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভোগান্তিতে ফেলায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শিক্ষা ভবন অভিমুখে রওনা হয়েছেন শিক্ষার্থীরা৷

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবন অভিমুখে রওনা হন শিক্ষার্থীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের কাছাকাছি এলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে পুলিশকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

এর আগে সকাল থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালু রাখায় পরীক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। অনেক শিক্ষার্থী সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি বলেও দাবি করেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, এত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়া হয়েছে। যাতায়াতে আমাদের চরম ভোগান্তি হয়েছে। সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী ভালো পরীক্ষা দিতে পারেনি। এসব বিষয় নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।