খুলনা নগরীর হরিণটানা থানার ব্লু হোয়েল আবাসিক এলাকায় বাড়ি মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুন দম্পতির। প্রায়ই তাদের মধ্যে চলে ঝগড়া-মারধর, একে অন্যকে করেন দোষারোপ। আজ সোমবার সকালেও স্ত্রীকে মারধর করেন মুরাদ। রাগে-ক্ষোভে দুপুরে হরিণটানা থানায় চলে যান ফাল্গুনী। পুলিশকে জানান, তার স্বামী খুনি। এক ইজিবাইক চালককে হত্যা করে লাশ পুঁতে রেখেছেন তাদের বাড়ির উঠানে।
পুলিশ গিয়ে ওই দম্পতির বাড়ির উঠানের মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একটি মানবকঙ্কাল। মুরাদ-ফাল্গুনীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সেটি ইজিবাইক চালক মো. মারুফের (৩৫)। প্রায় ৫ মাসে আগে তাকে হত্যা করেন মুরাদ।
হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন জানিয়েছেন এসব তথ্য। গ্রেপ্তার করা হয়েছে ওই দম্পতিকে।
মুরাদ ও ফাল্গুনীকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ জানায়, মারুফ তাদের পরিচিত। প্রায় পাঁচ মাস আগে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে বাসায় ডেকে আনেন তারা। রাতের কোনো এক সময় গাড়িতে বসা অবস্থায় গলায় দড়ি বেঁধে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। দেহ পুঁতে রাখা হয় উঠানে। পরে ইজিবাইকটি ভেঙে বিভিন্ন অংশ বিক্রি করে দেন তারা।
ওসি মুরাদ বলেছেন, লাশটি অনেকদিন ধরে মাটিচাপা থাকায় কঙ্কালে পরিণত হয়েছে। ময়নাতদন্তের জন্য সেটি পাঠানো হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিবেদনের পর মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত হবে পুলিশ।
আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। জানালেন ওসি মুরাদ।