Image description

রাজধানী ঢাকায় আজ সোমবারও ঝরছে বৃষ্টি। দুপুর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজ ও অফিসগামী যাত্রীরা। 

এদিন সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর কয়েকটি সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। রাজধানীর ইসিবি চত্বর এলাকাসহ কয়েকটি এলাকা আজও জলমগ্ন অবস্থায় রয়েছে। 

৯টা ৪৫ মিনিটে রাজধানীর সড়কে যানজটের চিত্র। ছবি: গুগল ম্যাপ

এর আগে রেকর্ড বৃষ্টিতে গতকাল রবিবার ডুবেছে ঢাকার দুই সিটির বিস্তীর্ণ এলাকা। এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ৯৭ মিলিমিটার।

আজ সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ মেঘলা থেকে স্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এদিন দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলিমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ ঢাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল ৬টায় ঢাকা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস।