গাজীপুরের টঙ্গীতে ছাত্রদলের সাবেক এক নেতার ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণের ব্রেসলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শাহাদাত হোসেন দিপু (২৭) টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং টঙ্গীর ভাদাম এলাকার বাসিন্দা। তার দাবি, অভিযুক্তদের সঙ্গে পূর্ব থেকেই বিরোধ চলছিল। এর জেরে গত ১১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে স্টেশন রোড থেকে বাড়ি ফেরার পথে ভাদাম এলাকার ক্রসলাইন ও নিট বাজার ফ্যাক্টরির সামনে তার পথরোধ করা হয়।
অভিযোগে বলা হয়, হামলাকারীদের একজন লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি তা ঠেকাতে গেলে বাম হাতের কনুইয়ে গুরুতর আঘাত পান। পরে অন্যরা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে তাকে আহত করে।
ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় তার পকেটে থাকা ৭ হাজার টাকা এবং হাতে থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের ব্রেসলেট, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় শাহাদাত হোসেন দিপুকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে মনির হোসেন, আব্দুল কাদির ও শিরিন আক্তারকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।