তিন ফরম্যাটেই ইংল্যান্ডের কোচের দায়িত্বে ছিলেন তিনি। এবার সাদা পোশাকের কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো ব্রেন্ডন ম্যাককালামকে।
৪৪ বছর বয়সী ম্যাককালামকে টেস্টের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা রোববার নিশ্চিত করেছে ইসিবি। এর মধ্য দিয়ে ইংল্যান্ড টেস্ট দলের কোচ হিসেবে ম্যাককালামের চার বছরের অধ্যায়ের ইতি ঘটল। এখন শুধু টি-২০ ও ওয়ানডে দলের কোচের পদে থাকছেন তিনি।
নিজের ‘ভীষণ পছন্দের’ চাকরি হারিয়ে ‘স্তব্ধ ও হতাশ’ ম্যাককালাম। ইসিবির দেওয়া বিবৃতিতে ইংল্যান্ড টেস্ট দলের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।
ম্যাককালাম এক বিবৃতিতে জানিয়েছেন, 'অবশ্যই কাজটা চালিয়ে যেতে না পেরে আমি খুবই হতাশ, তবে এই সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার মনোযোগ এখন সীমিত ওভারের দলগুলোর জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়া এবং ইংল্যান্ডকে এগিয়ে যেতে সাহায্য করা। টেস্ট দলের সাফল্য কামনা করি।'