Image description

রাজধানীতে টানা ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নাগরিক দুর্ভোগ কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) দ্রুত পানি অপসারণ ও ড্রেনেজ সচল রাখতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করে।

রোববার চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জলাবদ্ধতা দ্রুত নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

 

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর দুর্ভোগ লাঘবে জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট টিমগুলো মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

টানা ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মহাখালী, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, আগারগাঁও, উত্তরা, দিয়াবাড়ি, মোহাম্মদপুরসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে নাগরিক চলাচলে সাময়িক দুর্ভোগের সৃষ্টি হয়।

 

জলাবদ্ধতা দ্রুত নিরসন এবং স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনতে ডিএনসিসির পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। ড্রেন ও বক্স কালভার্টের মুখে জমে থাকা বর্জ্য অপসারণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে জরুরি কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে বৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসনে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট টিমগুলো মাঠে থেকে নিরলসভাবে কাজ চালিয়ে যাবে।

 

পাশাপাশি নগরবাসীকেও ড্রেন, খাল ও নালায় বর্জ্য না ফেলে পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।